চলতি ব্রাক্ষণ্যবাদ বর্জিত সংস্কারমুখী আন্দোলনের ইতিহাসে সংযোজিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার বহড়ু কামদেবনগর গ্ৰামের উচ্চশিক্ষিত বনেদি সরদার পরিবার। এই পরিবার ও এই গ্ৰামের প্রথম মাধ্যমিক পাশ শ্রীময় নিরঞ্জন কুমার সরদার, চুরাশি বছর বয়সে প্রয়াত হন। তাঁর প্রয়াণ উপলক্ষ্যে পত্নী শ্রীময়ি অনিমা সরদার, পুত্র গৌতম ও সৌগত সরদার, পুত্রবধূ পূর্নিমা ও রমা সরদার, কন্যা কুন্তলা সরদার ও শকুন্তলা পুরকাইত, জামাতা সদানন্দ সরদার ও প্রদীপ পুরকাইত, নাতি নাতনি আত্রেয়ী, অর্চিতা, শরণ্য, সাত্তিক, সার্থিকা, অস্মিতা ও অর্নিতা গত17 জুলাই 2021 শনিবার ব্রাহ্মণবর্জিত এক শ্রদ্ধানুষ্ঠান তথা স্মরণসভার আয়োজন করেন।
মঞ্চে প্রয়াত নিরঞ্জন কুমার সরদারের প্রতিকৃতি সহ তাঁর পিতামাতা ও শ্বাশুড়ি মাতার প্রতিকৃতির সঙ্গে, মহামানব গৌতম বুদ্ধ ও সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি দিয়ে মঞ্চসজ্জা অভিনবত্বের আলোকে উজ্জ্বল হয়ে ওঠে। নিরঞ্জন বাবুর পুত্র কন্যা পুত্রবধূ ও নাতি নাতনিদের আবেগমথিত বেদনা মিশ্রিত, বহু গুনের অধিকারী নিরঞ্জন বাবুর স্মৃতিচারণায় অসাধারণ ব্যক্তিত্বের প্রকাশ পায়।
শ্রাদ্ধের পরিবর্তে কেন শ্রদ্ধা,এ বিষয়ে যুক্তিবাদী ও বস্তুবাদী আলোচনা করেন ডাঃ প্রদীপ কুমার বর্মণ। ইতিহাসের আলোকে স্মরণসভার প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করেন পৌণ্ড্র মহাসঙ্ঘের প্রাক্তন সম্পাদক ডাঃ কালাচাঁদ নস্কর। সামাজিক চেতনার পরম্পরা ও সাংবিধানিক অধিকার প্রসঙ্গে তত্ব ও তথ্যনিষ্ঠ আলোচনা করেন এল. আই.সি'র ডেভেলপমেন্ট অফিসার ও সমাজ সেবক সুদর্শন মণি। শাস্ত্রীয় বিধান ও নিদান কে শাস্ত্রীয় যুক্তিতে খণ্ডন করেন বিশিষ্ট অধ্যাপক সুধাকর সরদার মহাশয়।
কথাকার সুরকার ও শিল্পী জয়দেব মণ্ডলের শ্রদ্ধা ও প্রকৃতি সঙ্গীত এক অনাস্বাদিত রসে আপ্লুত করে উপস্থিত সকলকে। অনুষ্ঠানের প্রধান সঞ্চালক হিসেবে প্রদীপ কুমার বর্মণ।সহসঞ্চালক শিক্ষক মৃত্যুঞ্জয় সরদারের মধ্যবর্তী সংযোজন সমগ্র অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেয়।
উপস্থিত ছিলেন একান্ত আম্বেদকর অনুরাগী মনোতোষ নস্কর, মাধব নস্কর, দীনকৃষ্ণ ঠাকুর, শেফালী বর্মণ, গোপন সরদার, কবিকঙ্কন বর্মণ, জয়দেব সরদার, সরমা বর্মণ, অনিল সরদার, প্রীতম বর্মণ সহ অসংখ্য সমাজ সংস্কারমুখী আম্বেদকর অনুরাগীগণ। প্রাথমিক অনিশ্চয়তা অতিক্রম ক’রে শেষপর্যন্ত এমন অনুষ্ঠান করতে পেরে পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এই বলে সন্তোষ প্রকাশ করেন যে প্রয়াত যুক্তিবাদি মানুষ শ্রীময় নিরঞ্জন সরদারের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদিত হয়েছে এমন অনুষ্ঠানের মাধ্যমে।













No comments:
Post a Comment